সাংস্কৃতিক সংগঠন ‘আগন্তুক’ এর ৫ম নাট্য প্রযোজনা ‘নির্বাক কারিগর’ মঞ্চায়ন হতে যাচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে প্রতিদিন নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি লিখেছেন মনজুর আলম সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন। প্রণোদনায় ‘কক্সবাজার পৌরসভা’,’এইট ডেজ আ উইক’ ও অন্ত্যমিল এবং সার্বিক সহযোগিতা করেছে গণস্বাস্থ্য কেন্দ্র ও আর্ট ক্লাব।
আগন্তুক সাংস্কৃতিক সংসদের আহবায়ক সুব্রত চক্রবর্তী প্রেরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় নাটক সম্পর্কে বলা হয়, শৈশবে শিক্ষকরাই ছিলেন আমাদের অভিভাবক। আমাদের শিক্ষকরা দিনভর স্কুলে পাঠদান করতেন। আর সন্ধ্যা নেমে আসলে চুপিচুপি শিক্ষার্থীর বাড়ি গিয়ে গোয়েন্দাদের মতো নজরদারি করাটাও ছিল তাঁদের নিয়মিত অভ্যেস। এতো সবের পেছনে একটি কারণই ছিল - তাঁর ছাত্রটি যেন মানুষের মতো মানুষ হয়, সমাজের মুখ উজ্জ্বল করে, মানব সেবায় নিয়োজিত হয়। একজন শিক্ষার্থীর সফলতায় তিনি যেমন উচ্ছ্বসিত হতেন পাশাপাশি ব্যর্থতায় তিনি গ্লানি বোধ করতেন। তাঁদের মূল মোহ ছিল - একটি মুল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা। জীবনে দেখা সেই সব ঘটনার সমাহার - নির্বাক কারিগর।
আগন্তুক সাংস্কৃতিক সংসদ কক্সবাজারে গঠিত একটি সাংস্কৃতিক সংগঠন। ২০২২ সালে সংগঠিত নবীন এই সংগঠনটি পথনাটক, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করছে। এটি কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে বলে বিদ্ধজনের বিশ্বাস।
ইতিপূর্বে সংগঠনটি পূর্নেন্দু পত্রীর কাব্যমালা কথোপকথন অবলম্বনে "অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো" শিরোনামে প্রথম নাটক প্রযোজনা করে ফেব্রুয়ারি ২০২৩। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সেটি প্রদর্শিত হয়। পরে ২০২৩ এর আগস্ট মাসে ”শোক থেকে শক্তি” শিরোনামে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। ২০২৩ সালেই আগন্তুক’র তৃতীয় প্রযোজনা ছিলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতি-নৃত্যনাট্যের মঞ্চ নাট্যরূপ ‘চিত্রাঙ্গদা’। ২০২৪ এ আগন্তুক নিয়ে আসে তার চতুর্থ প্রযোজনা পথনাটক ‘অন্তরীপে দাঁড়িয়ে’ – যার প্রতিপাদ্য বিষয় ‘বিশ্ব পরিবেশ ও তার বিপর্যয়’। আগন্তুক’র পঞ্চম প্রযোজনা ছিলো পথনাটক ‘নির্বাক কারিগর’। এর পরে ফেব্রুয়ারি ২০২৫ এ আগন্তুক নিয়ে আসে তার ষষ্ঠ প্রযোজনা – ‘কাক’। এটি ছিলো একটি স্যাটায়ার পর্যায়ভুক্ত নাটক।
এবার আগন্তুক আবার নিয়ে এলো ‘নির্বাক কারিগর’। এটি ২০২৪ সালে পরিবেশিত পথনাটকেরই পূর্নাঙ্গ মঞ্চরূপ। আশা করি এটি দর্শকের কাছে সমাদৃত হবে। প্রদর্শনীর টিকেট পাওয়া যাবে লাবনী মোড়ের কফিশপ "এইট ডেজ আ উইক" এ অথবা প্রদর্শনীর আগে পাবলিক লাইব্রেরির কাউন্টারে।