কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের (টমটম) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন (৪২)।
আহতরা হলেন: তসলিমা (২৪), আরিয়ান (১.৫), ফাতেমা (৩০), বদিউজ্জামাল (৬০), ইসমত আরা (২২), মৌসুমী (৮), মুনতাহা (২) এবং পথচারী আব্দুল্লাহ (২৫)।
টেকনাফ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকায় একটি ড্রাম ট্রাক হ্নীলা ইউনিয়ন পরিষদ রোড় হতে প্রধান সড়কে উঠার পর টেকনাফ টু কক্সবাজারগামী পালকি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে আইওএম লেদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আহত মুনতাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর বাকি ০৭ জন গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি এঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।