কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে মিয়ারাকাটা গ্রামের জয়নাল আবেদীনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুনের তীব্রতায় পাশের মোহাম্মদ জসীম, মোহাম্মদ জামাল, পারভীন, করিম, সৈয়দ নুর, আবু মুছা, গোলাম রহমান ও মোহাম্মদ জালালের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।