কক্সবাজার পৌরসভা ও সংলগ্ন এলাকাগুলোতে অপরাধ দমন, চোর ও ছিনতাইকারী চক্র উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল বিশেষ এ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও একাধিক অপরাধে জড়িত মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পর্যটন নগরীর নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পুলিশ পৃথক টিম গঠন করে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন চিহ্নিত মাদক সেবনকারী, ৭ জন বিভিন্ন অপরাধে জড়িত এবং ৫ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মো. রিফাত (২০) নামের এক আসামীর বিরুদ্ধে ডাকাতি চেষ্টার অপরাধসহ আইনের এর বিভিন্ন ধারায় ৩টি এবং জাহাঙ্গীর আলম (২০) নামের আরেক আসামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যান্য আসামীদের মধ্যে টেকপাড়া, ঝাউতলা, ঘোনারপাড়া, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ঝিলংজা এবং উখিয়া ও কুতুবদিয়া এলাকার অপরাধীদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। আটককৃত কিশোর গ্যাং সদস্যদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় পাঠানো ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ যেকোনো অপরাধমূলক তৎপরতা নির্মূলে এ ধরণের বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।