মিয়ানমারে পাচারকালে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারী আটক কোস্টগার্ড।
সোমবার (৫ জানুয়ারি) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় সোমবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সারসহ ৮ জন পাচারকারিকে আটক করা হয়।
অপরদিকে, কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান রোববার রাতে সেন্টমার্টিন হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্টসহ ৮ জন পাচারকারিকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।