মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত ২টি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।