বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্ত এলাকা থেকে এক মিয়ানমার নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশি চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি পয়েন্টে অবস্থিত বাইশফাঁড়ি বিওপির সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩৭ বাই ২ এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশি চোরাই পণ্য জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক। তার নাম নেয় জু (৩৮)। তিনি মিয়ানমারের মংডু জেলার মংডু থানাধীন ডাইক (এক) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম এইয়ে জান তন। অপর আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি গ্রামের বাসিন্দা এবং কালাইয়া তংচংগ্যার ছেলে।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটককৃত আসামিদের সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।