বান্দরবানের লামা উপজেলায় লাকড়ী বোঝাই একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২শত ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে চালকসহ ২জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা সেলিম চৌধুরীর টেকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাক চালক মো. আলমগীর (৩৫) ও একই ইউনিয়নের পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ১২মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে একটি ছোট ট্রাকে লাকড়ী বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট সেলিম চৌধুরীর টেকে পৌঁছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে প্রায় ২শত ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।
এ সময় লাকড়ী বোঝাই ট্রাকে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেনসহ ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়।