সমুদ্রপথে মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগরের ছেঁড়াদ্বীপ থেকে ১৩০০ বস্তা সিমেন্ট, ৭২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় পাচারে ব্যবহৃত ২টি ট্রলারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক ২টি ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।