কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, দ্বীপ এলাকার আধুনিকায়ন এবং সার্বিক অবকাঠামোগত আমূল পরিবর্তনের লক্ষ্যে ২৪টি মেগা উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হয়েছে।
সম্প্রতি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এসব প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প প্রস্তাবনাগুলো গ্রহণ করেন।
প্রকল্প গ্রহণকালে মুখ্য সচিব এমপি আলমগীর ফরিদকে জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকেই মহেশখালী ও কুতুবদিয়াবাসীর এসব দীর্ঘদিনের যৌক্তিক দাবি দ্রুততম সময়ে দৃশ্যমান ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পেশকৃত এই ২৪টি প্রস্তাবনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন 'মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতু' নির্মাণ। এছাড়া কুতুবদিয়া দ্বীপ রক্ষায় মূল প্রতিরক্ষামূলক টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের বেশ কিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
অর্থনীতিবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, প্রস্তাবিত এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের অর্থনীতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় এক নবদিগন্তের সূচনা হবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর মাতারবাড়ি সফরকালে দুই দ্বীপের জনগণের চাহিদার কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য আলমগীর ফরিদকে এসব উন্নয়ন প্রকল্পের সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির আলোকেই এমপি ফরিদ দ্রুততম সময়ের মধ্যে এই ২৪টি প্রকল্পের প্রস্তাবনা তৈরি করে জমা দিয়েছেন।
মহেশখালী ও কুতুবদিয়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের আপামর জনগণ।