কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, ছিনতাই প্রতিরোধ ও চোর চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। গত ৮ অক্টোবর দুপুর ১২টা থেকে ৯ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ১০ জন কিশোর গ্যাং সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, পৌর এলাকা এবং আশপাশের ইউনিয়নগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, ১২ জন চিহ্নিত মাদক সেবনকারী ও ছিনতাইকারী, ১০ জন ধর্তব্য অপরাধে জড়িত এবং ৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হলো উখিয়ার ৪ নম্বর মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইরফান (২২)। শহরের একটি রিসোর্টে তরুণীকে গলা কেটে হত্যার অভিযোগে এপিবিএনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া শহরের উত্তর টেকপাড়া, গোলদিঘীর পাড়, বাহারছড়া, সাহিত্যিকা পল্লীসহ পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, ঈদগাঁও ও লোহাগাড়া এলাকার বিভিন্ন স্থান থেকে ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ১০ কিশোর গ্যাং সদস্যের বিষয়েও আইনি পর্যালোচনা চলছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পৌর এলাকা ও আশেপাশের জনপদে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।