টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭ এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮ এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার বিকাল ৩ টায় কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকার পুরুল্লার ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান পরিচালনাকারী সদস্যরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজত থেকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।