কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেড় ঘন্টার আগুনে পুড়ল ৩৫টি বসতি। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে সাড়ে ৩টায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের ব্লক-ই-৫ এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
তিনি বলেন, ভোররাত ৩টা ১৫ মিনিটে খবর পায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের ব্লক-ই-৫ এ আগুন লাগার। আর ১৫ মিনিটের উখিয়া ফায়ার স্টেশনের ০৩ টি ইউনিট ও স্যাটেলাইট ফায়ার স্টেশনের ০১ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
“দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। আগুনের ঘটনায় রোহিঙ্গাদের ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আর ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।”
তিনি আরও বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে আগুনের লাগার ঘটনার সম্ভাব্য কারণ তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, চলতি বছরের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৪ বারের মতো আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৫ শতাধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়।