জাতীয় পর্যায়ে স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা 'প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড (পিএস)-২০২৫' অর্জনে অভূতপূর্ব ও অনন্য সাফল্য দেখিয়েছে কক্সবাজার জেলা স্কাউটস। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট টিম সারাদেশে দ্বিতীয় ও কক্সবাজার জেলা টিম তৃতীয় স্থান অর্জন করেছে।
গত ১ অক্টোবর বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে প্রকাশিত (স্মারক নং-বাঃ স্কাঃ (প্রোগ্রাম) ৯২৭ (৬৫০)/২০২৬ এর এক প্রতিবেদনে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন স্বাক্ষরিত উক্ত চিঠিতে জানানো হয়, গত ১৮-২০ জুন, ২০২৬ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে আয়োজিত মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্পের ভিত্তিতে সারা দেশে সর্বমোট ৬০৮ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
এরই মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপ থেকে সর্বমোট ৩৮ জন স্কাউট এই মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। বিপুলসংখ্যক স্কাউটের এই অর্জনের ওপর ভিত্তি করে জেলা হিসেবে সারা দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে কক্সবাজার।
অন্যদিকে প্রতিষ্ঠানভিত্তিক কৃতিত্বে সবচেয়ে উজ্জ্বল নৈপুণ্য দেখিয়েছেন কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ। এ প্রতিষ্ঠানের মোট ১২ জন স্কাউট শিক্ষার্থী এই সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়ে জেলা পর্যায়ে প্রথম এবং সারাদেশে ২য় শীর্ষ স্থান অর্জন করেছেন।
প্রতিবেদনে স্কাউট গ্রুপ কক্সবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাফল্য তুলে ধরে হয়েছে। সেখানে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ: ১২ জন (জাতীয় পর্যায়ে ২য়), বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কাউট গ্রুপ: ৬ জন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ: ৪ জন, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ: ৩ জন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ: ৩ জন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ: ২ জন, মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ: ২ জন।
এছাড়া একজন করে মনোনীত প্রতিষ্ঠান এবং মুক্ত গ্রুপের মধ্যে রয়েছে: চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, উপকূলীয় মুক্ত স্কাউট গ্রুপ এবং উখিয়া মুক্ত স্কাউট গ্রুপ। প্রতিবেদনে জাতীয় সদর দফতরের পক্ষ থেকে উত্তীর্ণ সকল স্কাউটকে অভিনন্দন জানানো হয়েছে।
এদিকে কক্সবাজার জেলা স্কাউটসের এই গৌরবময় অর্জনে জেলা স্কাউটের সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গুলশান আক্তার, জেলা স্কাউট নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনকারী চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ এবং তৃতীয় স্থান অর্জনকারী কক্সবাজার জেলা স্কাউট গ্রুপের সংশ্লিষ্ট সবাইকে সংবর্ধিত করেছেন। অভাবনীয় এ সাফল্যে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আনছারুল করিম জানান, স্কাউটদের কঠোর অধ্যবসায়, সুনির্দিষ্ট লক্ষ্য, নিয়মিত প্রশিক্ষণ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই এই সাফল্যের মূল চাবিকাঠি। এ অর্জন জেলার স্কাউটিং আন্দোলনকে আরও বেগবান করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সমাজসেবা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রেরণা যোগাবে।