কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২ এর অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী একটি বিশেষ দল নিয়ে মহেশখালী থানাধীন দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে চারজন সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা গুলি, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে লবণের মাঠ দখলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা-ভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।