বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তুমব্রু বিওপির বিশেষ টহলদল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয় টহলদল। পরে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন চোরাকারবারীর গতিবিধি শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাকারবারীরা লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।