কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা তৈরির অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, কক্সবাজারের একটি টিম জনৈক বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থাকা একটি কক্ষে অভিযান চালায়।
অভিযানকালে জাল টাকা তৈরি করার অভিযোগে মো: ইমরান (২৩) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত মো: ইমরান যশোর জেলার যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম লুৎফর রহমান ও মাতার নাম নার্গিস।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে ৫ লাখ জাল টাকার নোট ও জাল টাকার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।