এবার নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি ৫ বস্তা ইয়াবা জব্দ করেছে।
শনিবার (১৫ আগষ্ট) ভোরে ১১ বিজিবির একটি টহলদল কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এ সব ইয়াবার বস্তা জব্দ করে। যার মধ্যে ২০ (বিশ) কাট অর্থাৎ ২ লক্ষ ১ শত (দুই লক্ষ একশত) পিস ইয়াবা ছিল। বিষয়টি নিশ্চিত করেছে ১১ বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবি সুত্র জানায়, ১৫ আগস্ট গভীর রাতে ১১ বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪৮/৪ এস এবং শুণ্যলাইন থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ির তন্দুলের মুখ এলাকায় অভিযান চালায়। যেটি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত।
বিজিবি দলটি,চোরাকারবারীদের অবস্থান চিহ্নিত করে ইয়াবা বহন করা কারবারীকে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের নিকটে থাকা বস্তাগুলো ফেলে রেখে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক বস্তা হতে পরিত্যক্ত অবস্থায় দুই লক্ষ একশত পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, ইয়াবাগুলো আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।