স্টাফ রিপোর্টার, চকরিয়া
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবার স্থায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তারা সবাই সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির’ কর্মী এবং তাদের পরিবারের সদস্য।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্র অনুযায়ী, নিহতদের পারিবারিক পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং অপর একটি পরিবারের তিনজন সদস্য রয়েছেন।
নিহতরা হলেন, আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার বড় ছেলে (নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি), ছোট ছেলে ও একমাত্র মেয়ে এবং একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী, একই কোম্পানির স্টোরকিপার শাহ আলম ও শাহ আলম এর এক মাস বয়সী কন্যাশিশু।
আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্যমতে, নিহত ব্যক্তিরা একটি ব্যক্তিগত যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মরুভূমির দীর্ঘ মহাসড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নিহতদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। মরদেহগুলো যত দ্রুত সম্ভব দেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।