মিয়ানমারে পাচারের আগেই সেন্টমার্টিনের গভীর সাগরে ৫’শ বস্তা সিমেন্ট বোঝাই ট্রলারসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকিত।
এক বার্তায় কোস্টগার্ড জানায়, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার হচ্ছে তথ্য পায় কোস্টগার্ড। এর পরপরই বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক ১টি মাছ ধরার ট্রলারকে থামানো হয়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা সোপর্দ করা হয়েছে। আর চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড।