সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জনপ্রিয় বিগ টিকিট লটারির ‘দ্য বিগ উইন কনটেস্ট’ এর ড্রয়ে বড় অঙ্কের অর্থ জিতেছেন বাংলাদেশি এক বাবুর্চিসহ চার জন। বিজয়ীদের প্রত্যেকেই পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ লাখ টাকা)।
শনিবার আবু ধাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিগ উইন’ কন্টেস্টের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও জর্ডান, ভারত এবং আমিরাতের স্থানীয় নাগরিক রয়েছেন।
বাংলাদেশি প্রবাসীর সাফল্য:
বিজয়ীদের মধ্যে স্থান করে নিয়েছেন ৩০ বছর বয়সী বাংলাদেশি আলাউদ্দিন শাহজাহান। আবু ধাবিতে বাবুর্চি হিসেবে কর্মরত আলাউদ্দিন গত তিন বছর ধরে নিয়মিত এই লটারির টিকেট কিনছিলেন। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আলাউদ্দিন বলেন, “খবরটি পাওয়ার পর আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আবেগঘন একটি মুহূর্ত ছিল।”
তিনি আরও জানান, ২১ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে মিলে তিনি প্রতি মাসে এই টিকেট কিনতেন। লটারির এই অর্থ তিনি কীভাবে ব্যয় করবেন তা এখনও চূড়ান্ত করেননি, তবে লটারির টিকেট কেনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অন্যান্য বিজয়ীরা:
আলাউদ্দিন ছাড়াও এই লটারিতে বিজয়ীদের মধ্যে রয়েছেন, জর্ডানের ব্যাংক কর্মকর্তা মালেক সেওয়াদেহ (৪৮), আমিরাতের সরকারি কর্মকর্তা আবদুল্লাহ আলমেহিরি (৩৯) এবং ভারতের কেরালা রাজ্যের ৫২ বছর বয়সী হিসাবরক্ষক ইব্রাহিম কুট্টি।
ইব্রাহিম কুট্টি তার ২০ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন। ব্যক্তিগত ভাগের অর্থ দিয়ে তিনি পরিবারকে সহায়তা করতে চান। অন্যদিকে, আমিরাতি নাগরিক আবদুল্লাহ তার পুরস্কারের অর্থ দিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন।
ওদিকে, ২০০৮ সাল থেকে আবুধাবিতে বাস করা জর্ডানের ৪৮ বছর বয়সী মালেক সেওয়াদেহ বন্ধুদের কাছ থেকে বিগ টিকিকেট লটারির খবর শোনার পর এতে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে তিনি টিকিট কেনা শুরু করেন এবং বছরে কিছু টিকিট তিনি কিনতেন।
লটারি জয়ের খবরে তিনি বিস্মিত হয়েছেন। সেওয়াহেদ বলেন, “আমি কখনও লটারি জিতব বলে আশাই করিনি। বিগ টিকেট লটারির অফারের এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।” সেওয়াদেহও তার জয়ের অর্থ পরিবারকে দিতে চান ।
তিনি ভবিষ্যতেও বিগ টিকেট লটারিতে অংশগ্রহণ করে যেতে চান এবং অন্যদরকেও এতে অংশ নিতে উৎসাহিত করতে চান।
২০২৬ সালে বড় পুরস্কারের সুযোগ:
বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের শুরুতেই তারা বড় ধরনের প্রচারণামূলক অফার নিয়ে আসছে। জানুয়ারি মাসজুড়ে ২৭টি পুরস্কারের সুযোগ রয়েছে, যার মধ্যে ৬ জন নিশ্চিতভাবে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন।
জানুয়ারি মাসের মূল ড্রতে ২ কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) বিশাল গ্র্যান্ড প্রাইজ ছাড়াও ৫ জন বিজয়ীকে ১০ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া, প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে দেওয়া হবে ৫০ হাজার দিরহাম করে। আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে।