শুভেচ্ছা বিনিময়, প্রাণবন্ত আড্ডা আর ফটোসেশনের মধ্য দিয়ে পর্যটন শহর কক্সবাজারের শীর্ষস্থানীয় ও সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দৈনিক কক্সবাজার’-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহরের শহীদ সরণীস্থ হোটেল কহিনুর ভবনে পত্রিকার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অফিস প্রাঙ্গণ।
পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার এম. বেদারুল আলম-এর সঞ্চালনায় সভায় পত্রিকার অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মুজিবুল ইসলাম পত্রিকার প্রতিষ্ঠাতা, মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, 'আমার বাবা তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এই পত্রিকার পেছনে ব্যয় করেছেন। মায়ের গয়না ও জমি বিক্রি করে তিনি এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। আজ তাঁর সেই স্বপ্ন ও পরিশ্রমের ফসল 'দৈনিক কক্সবাজার' জেলার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।'
তিনি আরও উল্লেখ করেন, 'প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই পত্রিকাটি আজ এই অবস্থানে পৌঁছেছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।'
সম্মেলনে আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়। চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ রূপে ‘দৈনিক কক্সবাজার মাল্টিমিডিয়া’ চালু, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আধুনিক প্রশিক্ষণ এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বস্তুনিষ্ঠ ও অপসাংবাদিকতা মুক্ত সুস্থ ধারার সাংবাদিকতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ‘দৈনিক কক্সবাজার পরিবার’-এর বড় পরিসরে একটি মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পত্রিকার জেষ্ঠ সাংবাদিক নুপা আলম, প্রধান প্রতিবেদক মনতোষ বেদজ্ঞ, সিনিয়র রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, স্টাফ রিপোর্টার মাহবুব রোকন, তাজুল ইসলাম পলাশ ও লোকমান হাকিম।
উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন রামুর স্টাফ রিপোর্টার, সোয়েব সাইদ, ঈদগাওর স্টাফ রিপোর্টার এস. এম তারেক, চকরিয়ার স্টাফ রিপোর্টার মিজবাউল হক, কুতুবদিয়ার স্টাফ রিপোর্টার এম এ মান্নান, মহেশখালীর স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন (মহেশখালী), নাইক্ষ্যংছড়ির স্টাফ রিপোর্টার মাইনুদ্দীন খালেদ, উখিয়ার স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, টেকনাফের স্টাফ রিপোর্টার জসিম মাহমুদ, ঈদগড় প্রতিনিধি জহির খন্দকার, লামা প্রতিনিধি এবং এস কে খগেশ প্রতি চন্দ্র খোকন ও পেকুয়া সংবাদদাতা এ. এম. এমরান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক রেজাউল করিম, উৎসব পাল, শিপন পাল, মমতাজ আহমেদ ও অফিস সহকারী আবদুর রহিম প্রমুখ।