কক্সবাজারের উখিয়া থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, “বিজিবির বিশেষ টহল দল বুধবার দিনগত রাতে উখিয়ার সীমান্তবর্তী এলাকা ফারির বিল নামক স্থানে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু তারা বিজিবির অবস্থান টের পেয়ে তাদের সঙ্গে ৩টি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের অভ্যন্তরে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০৩টি কালো ব্যাগের ভেতর থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।”
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”