কক্সবাজারের মেয়ে জান্নাতুল কাদের পিংকী, যিনি পিংকী নামেই বেশি পরিচিত। বেড়ে ওঠা ঢাকায়। ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ছাত্রজীবন থেকেই সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত পিংকী আন্তর্জাতিক অঙ্গনেও একজন নিয়মিত পারফর্মার হিসেবে পরিচিত।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ দেশি-বিদেশি খ্যাতিমান ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নৃত্য ও চিত্রাঙ্কনের প্রতি বিশেষ অনুরাগ থেকেই তিনি পড়াশোনার বিষয় হিসেবেও চারুকলার ধারাকেই বেছে নেন।
পিংকী আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল (International Inner Wheel) এবং রোটারি ক্লাবের সক্রিয় সদস্য। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত ইনার হুইল বিশ্বের অন্যতম বৃহৎ নারীভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা বর্তমানে শতাধিক দেশে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে।
সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি পিংকী একজন উদ্যোক্তাও। তিনি রিসোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ২০২২ সাল থেকে তিনি ‘পুন:ব্যবহার’ নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা পিংকী নিজেই। পুরনো ও অতিরিক্ত ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো দরিদ্র মানুষের মাঝে বিতরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রথমে বন্ধুদের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম শুরু হলেও পরে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন পিংকী। বর্তমানে তরুণদের নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন তিনি। এই উদ্যোগকে আরও বড় পরিসরে বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে তার।
এ বিষয়ে পিংকী বলেন, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমানতালে নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করেছি। স্কুলজীবন থেকেই খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় যুক্ত ছিলাম। নাচ ও ছবি আঁকার প্রতি আমার আলাদা টান ছিল। সেই ভালোবাসা থেকেই আমার পড়াশোনাও চিত্রাঙ্কনকে কেন্দ্র করে।
তিনি ২০০৮-০৯ মেয়াদে ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের রোটার্যাক্ট চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে পুরস্কারও অর্জন করেন। পরবর্তীতে ইনার হুইল ক্লাবে যুক্ত হয়ে সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নৃত্যশিল্পী হিসেবে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এখনো নিয়মিত নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া পিংকী প্রাণ-আরএফএল গ্রুপের প্লাস্টিক জারসহ একাধিক টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। বিভিন্ন টেলিভিশন টকশো ও বিনোদন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি।
সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে পিংকী বলেন, সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে আমি ভেতর থেকে তাড়না অনুভব করি। জীবনের শেষ দিন পর্যন্ত এসব মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।