কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটার গণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের রায় প্রদান করবে। বিগত ১৭ বছর ফ্যাসিস সরকার জনগণের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়েছিল।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল শেষে উখিয়া প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে সাবেক হুইপ শাহজাহান চৌধুরী আরে বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করে আসছে। ইলিয়াস আলীর মতো অনেক ত্যাগী নেতা গুম হয়েছেন, বহু নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তবু বিএনপি কখনো পিছু হটেনি। তিনি বলেন, সাংবাদিকদের লেখনী, রাজপথের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব—সব মিলিয়ে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। সেই প্রত্যাশা বাস্তবায়নে উখিয়া-টেকনাফের মানুষ আবারও বিএনপির পাশে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে, উস্কানিমূলক বক্তব্য পরিহার করে ভদ্র ও সুন্দর ভাষায় মানুষের কাছে যেতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রমুখী করাই এখন প্রধান লক্ষ্য। উখিয়া, টেকনাফসহ প্রবাসী ভোটারদের কাছেও তিনি সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।