বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠসহ ১টি পিকআপ জব্দ করেছে বিজিবি।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি জানায়-গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাইছড়ি বদ্ধছড়া নামক স্থান থেকে এ সব অবৈধ কাঠ জব্দ করেন। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কোন আসামীকে ধৃত করা সম্ভব হয় নি। তবে আসামীবিহীন জব্দ করা কাঠের মধ্যে ৯২ সিএফটি গামারি, ৪৯.৩৩ সিএফটি আকাশমনি, ১.২৫ সিএফটি সেগুন এবং ১.২৫ সিএফটি ডেউয়া কাঠ রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”