সাবেক প্রতিমন্ত্রী ও এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ নিজের এলাকা বা সংসদীয় আসনে এসেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার -১ ( চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ায় পৌঁছেই মানুষের সান্নিধ্য নিতে ছুটে যান গ্রামীণ জনপদের পাড়াগাঁয়ে। তাকে একনজর দেখতে শুধুমাত্র পুরুষ নয় মেয়েরাও ঘর থেকে বের হয়ে আসেন।দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
দীর্ঘ দেড় যুগ পর তিনি নির্বাচনী প্রচারণা চালাতে মাঠে নামলেন। সাবেক তিন বারের সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমদ বিগত সরকারের আমলে গুম হয়ে ভারতের শিলংয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে বন্দী হন। দীর্ঘ আইনী লড়াইয়ে জিতে ৯ বছর পর নিজ দেশে ফেরেন। এরপর থেকে দলের অপরিহার্য নেতা হয়ে উঠেন। বিশেষ করে প্রশাসনিক ডিলিংয়ে পরিচিত পার বিএনপির মুখপাত্র হিসেবে । তাঁর বর্ণাঢ্য জীবনে আইনজীবী, বিচারক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস'র দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েই রাজনৈতিক দীক্ষা অর্জন শুরু করেন। পরে দলের যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর বিএনপির দুর্দিনে নতুন নতুন তথ্য ও শব্দ চয়নে প্রেস ব্রিফিং দিয়ে সবার নজর কাড়েন।
মঙ্গলবার তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছেই ছুটে আসেন চকরিয়ায়। খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই (র:)এর কবর জিয়াতের পর উপজেলার খুটাখালী,ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার মানুষের ভোটের ও বাক-স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি করেছিল। দেশকে লুটেপুটে খেয়ে সাধারণ মানুষের টাকা পাচার করে বিদেশে জমিয়েছিল। চকরিয়া-পেকুয়া সহ দেশের সর্বত্র ডাকাত লুটেরাদের রামরাজত্ব কায়েম করেছিল। তাই জনগণ আন্দোলন করে তাদের বিরুদ্ধে। এতেই সদলবলে হাসিনাকে পালাতে হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ধনী গরীব বৈষম্য দুর করে দেশের ও মানুষের উন্নয়ন উন্নয়ন করে বিশ্বদরবারে বাংলাদেশকে মডেল ও অনুকরণীয় দেশে রুপান্তর করা হেবে।
সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহ নিজ জন্মস্থান পেকুয়ায় অবস্থান করবেন। এসময় চকরিয়ার একটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন এবং পেকুয়ার ৭ টি ইউনিয়নের নির্চাচনী গণসংযোগ করবেন।
মঙ্গলবার গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমদের সাথে ছিলেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ,চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ চকরিয়া ও পেকুয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।