কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে এবার জেলেদের হাতে ধরা পড়েছে সামুদ্রিক দৈত্য আকৃতির ‘পাখি মাছ’। যার ওজন প্রায় ২০০ কেজি। মাছটিকে ৬ জন জেলে মিলে বাঁশের সঙ্গে বেঁধে তুলে নিতেও হিমশিম খেতে হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে মাছটি দেখতে স্থানীয় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।
ট্রলার মালিক সব্বির আহম্মদ বলেন, গত শনিবার একটি ট্রলার ১১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্য মাছের সঙ্গে এই বিশাল আকারের পাখি বা স্থানীয় ভাষায় মাইট্যা মাছটি ধরা পড়ে।
পরে রোববার মাছটি টেকনাফে আনার পর ওজন করে দেখা যায় প্রায় ২০০ কেজির কাছাকাছি। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সৈয়দ আলম জানান, মাছটি কিনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। তবে বড় আকারের মাছ হওয়ায় স্থানীয় বাজারে উপযুক্ত দাম পাওয়া কঠিন, তাই ভালো দামের আশায় মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটি মূলত সেইলফিশ বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। এ কারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকে। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূলে সাধারণত এমন বড় আকারের মাছ খুব একটা দেখা যায় না।