আবু মোরশেদ চৌধুরী খোকা
প্রকৃতির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা মানুষের দীর্ঘশ্বাস সব সময় আমাদের চোখে পড়ে না। নদীর কলরবে আমরা সৌন্দর্য খুঁজি, সবুজ প্রকৃতির মাঝে খুঁজি প্রশান্তি, পাখির কলকাকলিতে খুঁজে পাই আনন্দ। অথচ সেই একই নদীর বুকে প্রতিদিন কত নারী যে জীবন ও জীবিকার কঠিন লড়াইয়ে অবতীর্ণ হন, কত স্বপ্ন যে জোয়ার-ভাটার সঙ্গে ভেসে বেড়ায়, তার খবর আমরা কতটুকুই বা রাখি!
সুন্দরবনসংলগ্ন ঢাংমারী নদীর তীরে দাঁড়িয়ে প্রকৃতির এমন এক সৌন্দর্য দেখেছি, যার মোহ কাটতে না কাটতেই হৃদয় ছুঁয়ে গেছে কিছু নারীর জীবনসংগ্রাম। মনে হয়েছে, এই নদীর কলরবের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প,যে গল্পে আছে অভাব, অশ্রু, ভালোবাসা, দায়িত্ববোধ আর হার না মানা জীবনের এক অনন্য উপাখ্যান।
টুগেদার প্রোগ্রামের সুবাদে সুন্দরবন সংলগ্ন ঢাংমারী নদীর তীরে অবস্থিত একটি মনোরম ইকো-রিসোর্টে কয়েকটি দিন কাটানোর সুযোগ হয়েছিল। এই সময়টুকু ছিল প্রকৃতি, মানুষ ও জীবনকে নতুন করে জানার এক অনন্য অভিজ্ঞতা।
সুন্দরবনের অপার সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং নদীকেন্দ্রিক উপকূলীয় জনপদের মানুষের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে, ঢাংমারী নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত নারীদের দৈনন্দিন জীবন, জীবিকা এবং প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের কাজের ধরন, জীবনযাপনের বাস্তবতা, সীমাবদ্ধতা ও স্বপ্নের কথা শুনে কিছুটা হলেও তাঁদের জীবনসংগ্রাম উপলব্ধি করার চেষ্টা করেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালে যে কত মানুষের কঠিন জীবনসংগ্রাম নীরবে বয়ে চলে, তা এই কয়েক দিনের অভিজ্ঞতা আমাকে নতুন করে বুঝিয়েছে।
আমার কাছে এই সময়টুকু শুধুই একটি কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা সুন্দরবন ভ্রমণ ছিল না,বরং প্রকৃতি, জীববৈচিত্র্য, মানুষের জীবন এবং বিশেষ করে প্রান্তিক নারীদের সংগ্রামকে কাছ থেকে জানার ও অনুভব করার এক মূল্যবান অভিজ্ঞতা।
খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী নদী সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদের একটি গুরুত্বপূর্ণ নদী।
কৈলাশগঞ্জ ও বানিশান্তা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা এই নদী সুন্দরবন ও পশুর নদীর সঙ্গে সংযুক্ত। নদীর তীর ঘেঁষে ম্যানগ্রোভ বনভূমির মাঝে অবস্থিত বনলতা রিসোর্ট। চারদিকে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া ও গোলপাতার নিবিড় সবুজ সমারোহ। নোনা ও কর্দমাক্ত মাটিতে বেড়ে ওঠা প্রকৃতির এই অনন্য সৃষ্টি জোয়ার-ভাটার পানিতে প্রতিনিয়ত সিক্ত হয়। ভোরের আলো, পাখির কলকাকলি, নদীর মৃদু ঢেউ আর সবুজের অপরূপ মেলবন্ধনে চারপাশে তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। সংস্থা কাজে বরাদ্দ পাওয়া আমার কক্ষের ঠিক সামনেই বহমান ঢাংমারী নদী। প্রতিদিনের মতো এক ভোরে বারান্দার সামনে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে ছিলাম। সূর্যের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, ভাটার টানে নদীর পানি নামতে শুরু করেছে। চারপাশের প্রকৃতি যেন নিজের মতো করে জেগে উঠছে। ঠিক সেই সময় চোখে পড়ল এক ভিন্ন দৃশ্য।
ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন কয়েকজন নারী। কারও হাতে টানাজাল, কেউ ছোট নৌকার এক প্রান্তে বসে সতর্ক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছেন। তাঁদের মধ্যে রঞ্জিতা ও লাকি'র মতো আরও স্থানীয় গৃহবধূরাও রয়েছেন। সুন্দরবনের বানর, পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর বিচরণের পাশেই শুরু হয়েছে মানুষের বেঁচে থাকার এক নীরব যুদ্ধ।
দৃশ্যটি হয়তো অনেকের কাছেই খুব সাধারণ। কিন্তু আমার কাছে তা ছিল গভীরভাবে ভাবিয়ে তোলার মতো। কারণ, ওই নারীদের হাতে শুধু একটি টানা জাল ছিল না, ছিল একটি পরিবারের দায়িত্ব, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদ, অভাবের সঙ্গে প্রতিদিনের আপস আর বেঁচে থাকার এক বুক স্বপ্ন।
একবার ভাবুন তো, ভোরের আলো ফোটার আগেই যাঁদের ঘুম ভাঙে সংসারের চিন্তায়, যাঁদের দিন শুরু হয় পরিবারের খাবারের ব্যবস্থা করার তাগিদে, তাঁদের জীবনে অবসর বলতে কতটুকুই বা আছে? ঘরের কাজ সামলে, সংসারের নানা দায়িত্ব পেছনে ফেলে তাঁদের নেমে পড়তে হয় নদীতে। কখনো হাঁটুসমান কাদা, কখনো নোনা পানির শীতল স্পর্শ, কখনো প্রতিকূল আবহাওয়া, সবকিছুকে উপেক্ষা করেই তাঁরা জাল টানেন।
হয়তো নদীতে নামার আগে সন্তানটি মায়ের আঁচল ধরে বলেছে, 'মা, তাড়াতাড়ি ফিরো।' হয়তো ঘরে অসুস্থ স্বামী অপেক্ষা করছেন, হয়তো চুলায় হাঁড়ি চাপানোর মতো চালটুকুও নেই। এসবই আমাদের অনুমান,কিন্তু তাঁদের জীবনসংগ্রামের বাস্তবতা আমাদের ভাবতে বাধ্য করে। সংসারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্যই যেন তাঁদের প্রতিদিন প্রকৃতির সঙ্গে এমন কঠিন লড়াইয়ে নামতে হয়, সেটিই সবচেয়ে বড় সত্য।
তাঁদের প্রতিটি জাল টানার সঙ্গে যেন জড়িয়ে থাকে একেকটি প্রার্থনা।আজ যদি একটু বেশি মাছ পাওয়া যায়! আজ যদি বাজারে বিক্রি করার মতো কিছু মাছ ওঠে! আজ যদি সন্তানদের জন্য একটু ভালো খাবার নিয়ে বাড়ি ফেরা যায়!
কিন্তু নদী তো সব সময় কারও প্রত্যাশা পূরণ করে না। কোনো দিন জালে ওঠে পর্যাপ্ত মাছ, কোনো দিন সামান্য, আবার কোনো দিন প্রায় শূন্য হাতেই ফিরতে হয়। তবুও তাঁরা হাল ছাড়েন না। পরদিন আবারও সেই একই নদী, একই নৌকা, একই জাল আর একই জীবিকার অনিশ্চয়তা নিয়ে হাজির হন। কারণ, তাঁদের কাছে একটি দিন ব্যর্থ হওয়া মানে শুধু উপার্জন হারানো নয়, বরং পরিবারের প্রয়োজন পূরণে আরও একটি কঠিন হিসাবের মুখোমুখি হওয়া। কখনো মাছ বিক্রির সামান্য টাকায় সংসারের বাজার হয়, কখনো সেই মাছ দিয়েই পরিবারের খাবারের ব্যবস্থা হয়। সুযোগ পেলে সুন্দরবনের আশপাশ থেকে রান্নার জন্য জ্বালানি কাঠও সংগ্রহ করে বাড়ি ফেরেন তাঁরা। আধুনিক জীবনের গ্যাসের সুবিধা তাঁদের কাছে যেন অনেক দূরের স্বপ্ন। আমাদের কাছে যে জীবনযাপনের সাধারণ সুবিধাগুলো খুব স্বাভাবিক, তাঁদের কাছে সেগুলোও অনেক সময় অধরা।
অন্যদিকে, তাঁদের স্বামীরা সারাদিন ব্যস্ত থাকেন মাঠে ফসল ফলানোর কাজে। নদী আর মাঠ,দুটি আলাদা কর্মক্ষেত্র হলেও জীবিকার সংগ্রাম একই সূত্রে গাঁথা। সংসার বাঁচানোর তাগিদে পরিবারের নারী-পুরুষ উভয়েই প্রকৃতির ওপর নির্ভর করে দিন কাটান। তবে নারীদের এই শ্রমের স্বীকৃতি কতটুকু? তাঁদের ঘাম, ক্লান্তি, অবদান আর আত্মত্যাগের হিসাবই বা কে রাখে?
অর্থনৈতিক পরিসংখ্যানে হয়তো তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। কিন্তু একটি পরিবারের প্রতিটি হাসির পেছনে, সন্তানের বেড়ে ওঠার পেছনে, সংসারের চুলায় আগুন জ্বলার পেছনে এই নারীদের অবদান কতখানি, তা উপলব্ধি করতে খুব বেশি হিসাব-নিকাশের প্রয়োজন হয় না।
ঢাংমারী নদীর পাড়ে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল, আমরা সুন্দরবনের সৌন্দর্য দেখতে কত দূর থেকে ছুটে আসি! ছবি তুলি, প্রকৃতির প্রশংসা করি, নদীর স্রোত আর কলরব শোনে মুগ্ধ হই। অথচ এই নদীর বুকেই প্রতিদিন কত নারী তাঁদের জীবনের কঠিন অধ্যায় লিখে চলেছেন। তাঁদের কেউ হয়তো কোনো দিন নিজের কষ্টের কথা কাউকে বলেননি, কেউ হয়তো চোখের জল লুকিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন। তাঁদের প্রত্যেকের জীবনেই রয়েছে এমন অনেক গল্প, যা কোনো ক্যামেরায় ধরা পড়ে না, কোনো পর্যটন বর্ণনায় স্থান পায় না। কথা হয়েছিল
রঞ্জিতা বালা আর লাকির সাথে। তাদের দিকে তাকালে মনে হয়, তাঁরা শুধু মাছ ধরেন না, তাঁরা প্রতিদিন প্রতিকূলতার বুক চিরে সংসারের আশার আলো জ্বালিয়ে রাখেন। তাঁদের হাতে টানা জালে শুধু মাছ ওঠে না, উঠে আসে সন্তানদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, পরিবারের বেঁচে থাকার প্রত্যাশা আর আগামীকাল একটু ভালো থাকার আকাঙ্ক্ষা।
তাঁদের স্বপ্ন খুব বড় নয়। কেউ হয়তো চান সন্তানটি ভালোভাবে পড়াশোনা করুক, কেউ চান ঘরে খাবারের অভাব না থাকুক, কেউ চান অসুস্থ স্বামীর ওষুধ কেনার টাকাটা যেন জোগাড় হয়। কেউবা শুধু চান, আগামীকালটুকু যেন আজকের চেয়ে একটু ভালো হয়। অথচ এই সামান্য চাওয়াগুলো পূরণ করতেই তাঁদের কতটা পথ পাড়ি দিতে হয়, কত প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত লড়তে হয়!
সত্যিই, জীবন কত বিচিত্র! আমরা যে নদীর সৌন্দর্যে মুগ্ধ হই, সেই নদীই কারও জীবনের কঠিনতম বাস্তবতা। আমরা যে জোয়ার-ভাটার দৃশ্য উপভোগ করি, সেই জোয়ার-ভাটার সময় হিসাব করেই কারও জীবিকার দিন নির্ধারিত হয়। আমাদের কাছে সুন্দরবন হয়তো ভ্রমণের আনন্দ, কিন্তু এই উপকূলের মানুষের কাছে সুন্দরবন ও তার নদ-নদী জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ।
তাই মনে হয়, সুন্দরবনকে ভালোবাসতে হলে শুধু তার গাছপালা, নদী, পাখি আর বন্যপ্রাণীকে ভালোবাসলেই হবে না। ভালোবাসতে হবে এই প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোকেও। তাঁদের জীবন-জীবিকার নিরাপত্তা, শ্রমের স্বীকৃতি, সামাজিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করার কথাও ভাবতে হবে।
ঢাংমারী নদীর সেই সকালের দৃশ্য গুলো হয়তো একদিন স্মৃতির পাতায় ম্লান হয়ে যাবে। কিন্তু ছোট্ট ডিঙি নৌকায় বসে জাল টানা নারীদের মুখগুলো সহজে ভুলতে পারব না। তাঁদের নীরব পরিশ্রম আমাকে মনে করিয়ে দিয়েছে, জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু প্রকৃতির মধ্যে নয়, মানুষের লড়াই করে বেঁচে থাকার অদম্য ইচ্ছার মধ্যেও লুকিয়ে থাকে।
সুন্দরবনের সবুজের আড়ালে তাঁরা হয়তো নিভৃতে কাঁদেন, নদীর বুকে জাল টানতে টানতে হয়তো বুকের ভেতর জমে থাকা হাজারো কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেই ক্লান্ত হাতেই জেগে থাকে একটি পরিবারের স্বপ্ন, একটি সন্তানের ভবিষ্যৎ, একটি সংসারের বেঁচে থাকার আশা।
প্রকৃতির এই নীরব যোদ্ধাদের গল্প আমাদের জানা প্রয়োজন, তাঁদের শ্রমের মর্যাদা দেওয়া প্রয়োজন। কারণ, তাঁদের জীবনসংগ্রাম শুধু কয়েকজন নারীর ব্যক্তিগত গল্প নয়,এটি সুন্দরবন উপকূলের হাজারো পরিবারের বেঁচে থাকার বাস্তব ইতিহাস।
সুন্দরবনের সৌন্দর্য চোখকে মুগ্ধ করে, আর এই নারীদের জীবনসংগ্রাম হৃদয়কে নাড়িয়ে দেয়। নদীর বুকে তাঁদের জাল হয়তো মাছ ধরে, কিন্তু সেই জালের প্রতিটি টানে ধরা পড়ে বেঁচে থাকার একেকটি স্বপ্ন। ঢাংমারী নদীর তীরে দেখা সেই সংগ্রামী নারীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিনম্র সালাম।