টেকনাফের বাহারছড়ায় শরীরে আটটি গুলির ক্ষত। সবচেয়ে গুরুতর আঘাত পেছনের ডান পায়ে। এ কারণে ঠিকমতো হাঁটতেও পারছে না হাতিটি। এরমধ্যে বন বিভাগ চিকিৎসাও দিয়েছিল হাতিটিকে। তবে চিকিৎসা নিয়ে বনে ফেরার কয়েক দিনের মধ্যেই সেটি লোকালয়ে চলে এসেছে।
শনিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে দেখা যায় হাতিটিকে। ওই গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়েছিল এটি। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে থাকে লোকজন।
স্থানীয় সূত্র জানায়, লোকালয়ে হাতি আসার খবরে দুপুরে স্থানীয় বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন। হাতিটি ধীরে ধীরে বনের দিকে গেলেও এখনো পুরোপুরি পাহাড়ে ঢোকেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি লোকালয়ে অবস্থান করছে। মাঝেমধ্যে লোকজনের ঘরবাড়ির দিকে আসার চেষ্টা করছে। হাতিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত মানুষ।
বাসিন্দা নজরুল ইসলাম বলেন, সকালে শিলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে ডান পায়ে আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।
শিলখালী বনের রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বনকর্মকর্তারা জানান, ১৮ নভেম্বর শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকায় দুর্গম পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির ড্রোন এর মাধ্যমে সন্ধান পাওয়া যায়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল দলের সহায়তায় ট্রাংকুইলাইজার প্রয়োগ করে মাদি হাতিটিকে অচেতন করা হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে চিকিৎসা চলে। হাতিটির বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। গুরুতর আঘাতের কারণে হাতিটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে শঙ্কা রয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান জানান, চিকিৎসক দল হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত ছিল। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড় ও ‘টার্সাল জয়েন্টে’ থাকা দুটি ক্ষত ছিল সবচেয়ে গুরুতর। ক্ষত দুটি ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। পায়ের জয়েন্টের ভেতরে একটি গুলি রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জটিল।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। তবে চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটির লোকালয়ে ফিরে আসার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন্য হাতিটি লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় লোকজনকে সতর্ক করছেন বনকর্মীরা।