কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার আসামি এবং শহরের শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মধ্যরাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আরিফ কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের বাহারছড়া এলাকার তাজী মুল্লুক সড়কের মৃত আব্দুল করিমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আরিফ কক্সবাজার শহরের একজন দুর্ধর্ষ ও পেশাদার অপরাধী। দীর্ঘদিন ধরে সে পর্যটন জোনসহ শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি রাখছিল।
পুলিশ আরও জানায়, এই শীর্ষ ছিনতাইকারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অবৈধ অস্ত্র রাখা, ডাকাতির প্রস্তুতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাই এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন মারাত্মক অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে। ২০১১ সাল থেকে শুরু করে চলতি বছর (২০২৬) পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে এসব মামলা রুজু হয়।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে যথাযথ নিয়মে কক্সবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পর্যটন শহরকে নিরাপদ রাখতে এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করতে সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।