কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও ২বারের সাবেক সফল সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর সমর্থনে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দিনব্যাপী গণসংযোগ ও বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় তিনি কুতুবদিয়ায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেন। নেতাকর্মীদের এই বিশাল জমায়েত ও মিছিলে মুহূর্তেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকে আলমগীর ফরিদ কুতুবদিয়ার উত্তর ধুরুং কাইচারপাড়া, দক্ষিণ ধুরুং পূর্ব আলী ফকির ডেইল এবং লেমশীখালী চমহনী বাজারসহ দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগের সময় ধানের শীষের পক্ষে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগ শেষে সন্ধ্যায় আলী আকবর ডেইল ইউনিয়নে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ বলেন, "কুতুবদিয়ার অবহেলিত মানুষের অধিকার আদায় এবং দ্বীপের টেকসই উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের সেবক হয়ে থাকতে চাই।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এটিএম নূরুল বশর চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "কক্সবাজার-২ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা রুখে দেওয়ার সাধ্য কারো নেই। আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রিয় নেতাকে বিজয়ী করবে।"
এই নির্বাচনী কর্মসূচিতে কুতুবদিয়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ চৌধুরী, আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য এম এ ছালাম কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, লেমশীখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, এবং লেমশীখালী ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল বশরসহ দলের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতাকর্মীবৃন্দ।
আলী আকবর ডেইলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায় সমবেত হন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণা কুতুবদিয়ার নির্বাচনী মাঠে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও গণজোয়ারের সৃষ্টি করেছে।