টেকনাফে ইজিবাইকের পেছনে ফেলে যাওয়া ১৩টি গ্রেনেড ও ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি উদ্ধার করেছে এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্প। পরে আদালতের নির্দেশে উদ্ধার করা গ্রেনেডগুলো রোববার দুপুরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।
রোববার (২২ নভেম্বর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছিলেন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তাঁর কয়েকজন সহযোগী। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি থেকে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় পরিত্যক্ত ইজিবাইকটিও জব্দ করা হয়।
উদ্ধার করা বিস্ফোরকগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো সংরক্ষণ ও পরিবহনে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আদালতের নির্দেশনা চাওয়া হয়। শনিবার (২১ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫, কক্সবাজারের টেকনাফে উদ্ধার করা বিস্ফোরকগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশ দেন।
পরে রোববার দুপুরে ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোম ডিসপোজাল ইউনিট রামু সেনানিবাসের আওতাধীন শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিস্ক্রিয় করে।
কক্সবাজারস্থ এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।