স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন পলাতক আসামি সেনাবাহিনীর সাবেক মেজর মোজাফফর দীর্ঘদিন গোপনে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর হেফাজতে হস্তান্তর করে। তিনি আরও বলেন, যেহেতু এ মামলার অন্যান্য অভিযুক্তদের যে আইনে বিচার হয়েছে, একই আইনে তারও বিচার হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সেনাবাহিনী পরিচালনা করছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষ রোপণের পাশাপাশি মৎস্য এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার।
এসময় বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান, সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
এদিকে, বন্যা থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান বন্যাকবলিত মানুষরা।
সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।