কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি এন্ড সার্ভিস সেন্টারের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরসা সদস্যের নাম মোহাম্মদ জহির (১৯)। সে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২ এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গভীর রাতে সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় জহিরকে আটক করে দেহতল্লাশি করা হলে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির স্বীকার করেছে, সে আরসার সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ অস্ত্র বহন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।