দীর্ঘ যাত্রার পর জাপানে পৌছেছেন বাংলাদেশ সার্ফিং দল। বর্তমানে বাংলাদেশের সার্ফার মো. মান্নান ও ফাতেমা আকতার জাপানের সার্ফিং ভেন্যুর কাছাকাছি হোটেলে অবস্থান করছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তারা জাপানের নাগোয়ায় শহরে পৌছান বলে জানিয়েছেন বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল ও কোচ মো. সাইফুল্ল্যাহ সিফাত।
তিনি বলেন, আমরা বাংলাদেশ সার্ফিং দল এশিয়ান গেমসে অংশ নিতে ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে ঢাকা থেকে হংকং এবং সেখান থেকে সরাসরি জাপানের আইচি-নাগোয়া বিমানবন্দরে পৌঁছাই। দীর্ঘ ভ্রমণ শেষে জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নাগোয়ায় পৌঁছাই।
‘নাগোয়ায় পৌঁছানোর পর আমাদের অ্যাক্রিডিটেশন কার্ডের রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিমানবন্দর থেকে বাসযোগে আমাদের সার্ফিং ভেন্যুর কাছাকাছি হোটেলে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে এবং জাপানের স্থানীয় সময় রাত ১০টার দিকে আমরা হোটেলে পৌঁছাই।
হোটেলে পৌঁছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পাশাপাশি আমরা ওয়েলকাম প্যাক গ্রহণ করেছি। সেখানে টুর্নামেন্টের বিভিন্ন সময়সূচি, হোটেল থেকে ভেন্যুতে যাতায়াতের ব্যবস্থা, গাড়ি আসার সময়, ব্রেকফাস্টসহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়েছে।’
মো. সাইফুল্ল্যাহ সিফাত আরও বলেন, ‘আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আমাদের কম্পিটিশন ভেন্যু অনুশীলনের জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ প্রতিযোগিতা শুরুর আগে আমরা মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পাব। ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টের মূল প্রতিযোগিতা শুরু হবে। আজ রাতে পৌঁছানোর কারণে এখনো মূল সার্ফিং ভেন্যুতে যাওয়া হয়নি। আগামীকাল সেখানে গিয়ে প্রথমবারের মতো ভেন্যু পরিদর্শন ও অনুশীলন শুরু করব।’
‘বর্তমানে এখানকার আবহাওয়া কিছুটা ঠান্ডা ও মেঘাচ্ছন্ন। গত সপ্তাহে এখানে একটি টাইফুন হয়েছিল, যার প্রভাব এখনো কিছুটা রয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতা শুরুর সময় আবহাওয়া আরও ভালো হবে এবং সুন্দর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।’
টিম অফিসিয়াল ও কোচ মো. সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ‘আমাদের হোটেলে ভারতের, শ্রীলঙ্কা, চীনসহ বিভিন্ন দেশের সার্ফিং দল অবস্থান করছে। অন্যান্য ডিসিপ্লিনের দলগুলো তাদের নিজ নিজ প্রতিযোগিতা ভেন্যুর আশপাশে অবস্থান করছে।
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের দলের সবাই ভালো আছেন। আগামীকাল থেকে আমাদের প্রথম দিনের অনুশীলন শুরু হবে। আশা করছি, স্বল্প সময়ের মধ্যেই আমরা ভেন্যুর সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারব।’
আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জাপানে বসছে এশিয়ান গেমসের এই মর্যাদাপূর্ণ সার্ফিং ইভেন্ট। যেখানে স্বাগতিক জাপানসহ এশিয়ার ১৭টি দেশের মোট ৪৮ জন তুখোড় সার্ফার অংশ নিচ্ছেন। এতে নারী বিভাগে বাংলাদেশের হয়ে লড়বেন জাতীয় চ্যাম্পিয়ন ফাতেমা আকতার এবং পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মান্নান। দেশের ইতিহাসে এশিয়ান গেমসে সার্ফিং ইভেন্টে এটিই প্রথম অংশগ্রহণ।