জাপানে চলমান এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে দ্বিতীয় দিনের সব খেলা বাতিল হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত ঢেউ না থাকায় শনিবার কোনো প্রতিযোগিতাই মাঠে গড়ায়নি। এমনকি অনুশীলন বা ফ্রি সার্ফিংয়েরও সুযোগ পাননি বাংলাদেশের দুই প্রতিযোগী ফাতেমা আক্তার ও মো. মান্নান।
বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল মো. সাইফুল্ল্যাহ সিফাত জানান, সূচি অনুযায়ী শনিবার দ্বিতীয় রাউন্ডের খেলা হওয়ার কথা ছিল। এ কারণে বাংলাদেশ দল সকাল সাড়ে ৬টায় প্রতিযোগিতার ভেন্যুতে পৌঁছে যায়। কিন্তু শুরু থেকেই আবহাওয়া খারাপ থাকায় এবং সমুদ্রে পর্যাপ্ত ঢেউ না থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
তিনি বলেন, প্রথমে জাজেস টাওয়ার থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত খেলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে খেলোয়াড় ও কর্মকর্তাদের আবার ভেন্যুতে রিপোর্ট করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়েও আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে শেষ পর্যন্ত পুরো দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়।
সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ‘আজ কোনো ধরনের খেলা হয়নি। খেলোয়াড়রা পানিতেও নামতে পারেনি। ঢেউ না থাকায় ফ্রি সার্ফিং বা অনুশীলনেরও সুযোগ ছিল না। দুপুরের পর আবার বৃষ্টি শুরু হওয়ায় আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ফলে পুরো দিনটাই আমাদের কাজে লাগেনি।’
খেলা বাতিলের পর টিম অফিসিয়ালদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সূচি অনুযায়ী আজ রবিবার তৃতীয় দিনের প্রতিযোগিতা শুরু হবে। তবে আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে প্রতিযোগিতার ফরম্যাট পরিবর্তন করা হতে পারে। সে ক্ষেত্রে একটি হিটে বেশি সংখ্যক সার্ফারকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ‘ফরম্যাট পরিবর্তন হলে বিষয়টি আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। কারণ খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ কমে যাবে। তবে আমাদের খেলোয়াড়রা খুবই প্রতিভাবান। তাদের অনুকূলে ঢেউ পেলে তারা নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার সুযোগ পাবে।’
এশিয়ান গেমসে প্রথমবারের মতো সার্ফিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। নারী বিভাগে ফাতেমা আক্তার এবং পুরুষ বিভাগে মো. মান্নান বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রথম দিনের প্রতিযোগিতার পর দ্বিতীয় দিনের খেলায় নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল দলের। কিন্তু প্রকৃতির বৈরিতায় পুরো দিনই কোনো প্রতিযোগিতা বা অনুশীলন ছাড়াই শেষ করতে হয়েছে তাদের।
বাংলাদেশ দলের প্রত্যাশা, আজ আবহাওয়া ও ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতিযোগিতা আবার শুরু হবে এবং ফাতেমা ও মান্নান কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।