ব্যবহার হচ্ছে ড্রোন ও থার্মাল ইমেজার
কক্সবাজার রিপোর্ট
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে দিন-রাত বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত সরঞ্জাম।
বিজিবি জানায়, আকাশপথে সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ও কার্যকর টহলের জন্য ব্যবহার করা হচ্ছে অল-টেরেন ভেহিকল (এটিভি)। এ ছাড়া এন্টি-ড্রোন জ্যামার, বাইনোকুলার, নাইট ভিশন বাইনোকুলার ও গগলস, থার্মাল ইমেজার, মাইন ডিটেক্টর, আন্ডার ভেহিকল সার্চ মিরর এবং বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও অস্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তসংক্রান্ত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১১ বিজিবির প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।