কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে উদ্ধার হওয়া এক যুবকের মরদেহ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের (৩৫) বলে শনাক্ত করেছেন তার স্বজনেরা।
মোহাম্মদ কবির উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইচ-৮ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধের সিসি ব্লকের সঙ্গে আটকে থাকা মরদেহটি উদ্ধার করেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আমিন বলেন, বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে সিসি ব্লকের সঙ্গে আটকে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে যায়। মুখে হালকা দাড়ি-গোঁফ ছিল এবং শরীরের বিভিন্ন অংশের ত্বকের রং পরিবর্তিত হয়েছিল। সিসি ব্লকের সঙ্গে ধাক্কা লেগে শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্নও পাওয়া যায়। প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে নিহতের ছোট ভাই ফয়সাল মরদেহটি শনাক্ত করেন।
উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মনির আহমদ বলেন, শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলসংলগ্ন গোলারচর এলাকায় রোহিঙ্গাবাহী ট্রলারডুবির পর থেকেই মোহাম্মদ কবির নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার স্বজনেরা এসে পরিচয় নিশ্চিত করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া মরদেহটি মোহাম্মদ কবিরের বলে শনাক্ত করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এর আগে শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলসংলগ্ন গোলারচর এলাকায় উত্তাল সাগরে রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৯ জন নিখোঁজ হন। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি ওই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ কবিরের।
এদিকে সাম্প্রতিক সময়ে শাহপরীর দ্বীপ ও আশপাশের উপকূলে একাধিক মরদেহ উদ্ধার হয়েছে। গত ১৯ জুলাই নাফ নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ৮ জুলাই শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিন নারীর মরদেহ এবং ১০ জুলাই শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকত থেকে একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।