কুতুবদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দ্বীপ রক্ষা বাঁধে ভাঙনের কবলে পড়েছে স্লুইসগেট। বর্ষা মৌসুমে জোয়ারের পানি সহজেই ভিতর ঢোকার আশংকায় দিন কাটছে অমজাখালী, দক্ষিণ অমজাখালী, মধ্যম অমজাখালী, পশ্চিম অমজাখালী, মগডেইলসহ ৫ গ্রামের মানুষের।
তারা বলছেন, উপজেলা সদর বড়ঘোপ মধ্যম অমজাখালী স্লুইসগেটের বাঁধ এখন মরণ ফাঁদ হয়ে দেখা দিয়েছে।
সরেজমিন সেখানে গেলে পার্শ্ববর্তী বাসিন্দা আবুল হাশেম, জাহাঙ্গীর আলম জানান, অতিরিক্ত জোয়ারের ধাক্কায় স্লুইসগেটের ওপরে বাঁধ ভেঙে পড়ে আছে প্রায় দুই বছর ধরে। বাঁধের ৪ ভাগের একভাগ অবশিষ্ট আছে। যানবাহন দূরের কথা, ভাঙনে ১০ ফুট গর্ত হওয়ায় নিরাপত্তা বেড়া নাথাকায় রাতের বেলায় চলাচল চরম ঝুঁকির মধ্যে আছি। গ্রাম বাসিরা মিলে স্লুইসগেটের কপাট মেরামত করেন।
অমজাখালীর সমাজ সেবক কাইমুল বশর বলেন, স্লুইসগেটের ভাঙনে আশি শতাংশ বাঁধ ভেঙে পথ চলাচল বন্ধ হয়ে যায়। পরে তার ব্যক্তিগত জরুরি আর্থিক সহায়তায় বাঁধের ভিতরের পাশে মাটি ফেলে মানুষজন যাতায়াতের ব্যবস্থা করে দেন। তবে বড় কোন জোয়ার হলেই বাকি অংশ ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকায় দিন কাটে এলাকাবাসির।
স্থানীয় মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার বলেন, মধ্যম অমজাখালীর স্লুইসগেটসহ বেড়িবাঁধ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন ধরে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানোর তিনি পরিদর্শন করেছেন। জরুরি মেরামত নাহলে কয়েক গ্রামের মানুষ চরম ভোগান্তির মাঝে পরবে বলে তিনি জানান।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের ( কুতুবদিয়ায় দায়িত্বপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, মধ্যম অমজাখালীর ভাঙনের কবলে পরা স্লুইসগেটের বিষয়ে আগামী সভায় আলোচনায় আসবে। এটি ধরে রাখতে সংস্কারের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।