আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মাঠে নেমেছে প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নে গণসংযোগে নেমেছেন ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে তিনি একইদিন সকালে নিজ জন্মভূমি পেকুয়া উপজেলা স্টেডিয়ামে স্থানীয় ছোট ছোট ছেলেদের সাথে খেলায় মেতে উঠেন। প্রথমে তিনি ফুটবল খেলেন পরে ব্যাট হাতে ক্রিকেটও খেলেন। এসময় ছোট্ট ছোট্ট খেলোয়াড়রা খুশিতে আত্মহারা হয়ে যান।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন ও ঢেমুশিয়া এলাকায় গণসংযোগ করেন এবং বক্তব্য দেন তিনি। এ সময় হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে এসে সালাহউদ্দিন আহমদকে ফুলের মালা পরিয়ে দেন এবং হাত মেলান। কেউ কেউ বুকে জড়িয়ে নেন সালাহউদ্দিন আহমদকে।
তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার প্রতিদানে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর পর আপনাদের কাছে পেয়েছি। মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আবারও আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। আমি এই জনপদে হেঁটে-হেঁটে এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আগামীতে দায়িত্ব পেলে আবারও এই এলাকা উন্নয়নে ভরিয়ে দেব।
সালাউদ্দিন আহমদ বলেন, অতীতে এই এলাকার প্রতিটি কেন্দ্রে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আগামীতেও ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে আগের চেয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে। যাতে ভবিষ্যতে এই রেকর্ড কেউ ভাঙতে না পারে।
স্থানীয় প্রবীণ বিএনপি কর্মী আজিজ বলেন,আমার বয়স এখন ৭৫ বছরের কাছাকাছি। এই বয়সে দেশের অনেক কিছু দেখছি। বিএনপি ছাড়া এই দেশের মঙ্গল কেউ চাইনি। দীর্ঘ ৩০ বছর পরে বিএনপি নেতা সালাহউদ্দিনকে খুব কাছ থেকে দেখেছি। তিনি আমাকে দেখে চিনতে পেরেছেন। বুকে জড়িয়ে ধরেছেন। আমি আশাবাদি এই আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন,নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যান মতে, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯০ জন এবং পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ (কক্ষের) সংখ্যা ১ হাজার ৬টি।