কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং শহরের অন্যতম শীর্ষ ছিনতাইকারী মো. সাজ্জাদ হোসেন বাবুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন বাবু কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর তারাবনিয়ারছড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বাবু শহরের একজন দুর্ধর্ষ ও পেশাদার অপরাধী। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার শহরে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত এই শীর্ষ ছিনতাইকারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি (৩৯৯/৪০২ ধারা), চুরি, অবৈধ অস্ত্র আইন, মাদক এবং হত্যাসহ (৩০২ ধারা) মোট ৮টি গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ সালে একটি হত্যা ও একটি মাদক মামলা, ২০১৮ সালে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা এবং ২০২৪ ও ২০২৬ সালে ডাকাতির প্রস্তুতি ও চুরির অভিযোগে আরও ৪টি মামলা রুজু হয়।
শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় কক্সবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শহরকে ছিনতাই ও অপরাধমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।