রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে মো. শাহীন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহীন স্থানীয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
শাহীন সিকদার পাড়ার বাসিন্দা ও প্রবাসী নুরুল আমিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে সিকদার পাড়া এলাকার মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল শাহীন। খেলা শেষে শাহীনসহ কয়েকজন বন্ধু বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার বন্ধুরা স্থানীয়দের খবর দেয়।
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান চালিয়েও শাহীনকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর শাহীনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে সিকদার পাড়া এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।