মুজিবুল ইসলাম, পরিচালনা সম্পাদক, দৈনিক কক্সবাজার
অভিবাসন প্রক্রিয়ার সংকটগুলো নিরসনে আমাদের সঠিক পথটি খুঁজতে হবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এবং গণমাধ্যমের সঠিক তথ্য ও ফলোআপ- এই তিনটি জায়গা যদি সমন্বিতভাবে কাজ করে, তবে সমস্যার মূলে যাওয়া এবং ভুক্তভোগীর জন্য দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব।সংবাদমাধ্যম যখন কোনো অভিবাসন সংক্রান্ত প্রতারণা বা সমস্যার খবর প্রকাশ করে, তখন সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী এবং সংস্থাসমূহ সেই তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে আইনি ও সামাজিক সহায়তা দিতে পারে। অভিবাসন বিরোধ নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ভূমিকা অপরিসীম। সংবাদমাধ্যম এই প্রক্রিয়ার সফল দিকগুলো তুলে ধরে জনমনে এর গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। আমাদের পারস্পরিক যোগাযোগকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করতে হবে, যেখানে মিডিয়া গঠনমূলক প্রশ্ন তুলবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিকভাবে তার সমাধান নিশ্চিত করবে।
কক্সবাজার একটি সীমান্ত এলাকা হওয়ায় এখানে অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে টেকনাফসহ অন্যান্য অঞ্চলে অনেক প্রতারণার ঘটনা ঘটে, যার কিছু গণমাধ্যমে আসে আর অনেক কিছুই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। তাই এই জায়গাগুলোতে আমাদের আরও গভীরভাবে ও সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
মিডিয়া, প্রশাসন এবং উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সমন্বিত উদ্যোগে এখানকার অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করা দরকার। সবাই একাত্ম হয়ে কাজ করলে অদূর ভবিষ্যতেই একটি ইতিবাচক ও নিরাপদ অভিবাসন কাঠামো দাঁড়াবে।