বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের গবেষক ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, কক্সবাজারের স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে এখানে বিশেষায়িত স্বাস্থ্যসেবা বা স্পেশালাইজড হেলথ কেয়ার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা তৈরি করতে হবে যেখানে শুধু স্থানীয় মানুষই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ চিকিৎসার জন্য কক্সবাজারে আসবে।
রবিবার (০৮ মার্চ) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারে স্বাস্থ্য পর্যটন বা হেলথ ট্যুরিজম উন্নয়নকল্পে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালের মাধ্যমে সেকেন্ডারি ও টার্শিয়ারি স্বাস্থ্যসেবাও উন্নত করা হবে। তবে চূড়ান্ত লক্ষ্য হলো কক্সবাজারকে একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে কক্সবাজারে পর্যটনের পাশাপাশি স্বাস্থ্যসেবা নির্ভর পর্যটনও গড়ে তোলা সম্ভব। চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যের জন্য আধুনিক কেন্দ্র ও ইয়োগা সেন্টার প্রতিষ্ঠা করা যেতে পারে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা ও পর্যটন একে অপরকে শক্তিশালী করবে। এতে পর্যটকের সংখ্যা বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবেন স্থানীয় মানুষ।
এই লক্ষ্য বাস্তবায়নে কক্সবাজারে একটি বিশেষায়িত হেলথ জোন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, সঠিক পরিকল্পনা ও সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে কক্সবাজার শুধু পর্যটন নয়, স্বাস্থ্যসেবার অন্যতম কেন্দ্র হিসেবেও পরিচিত হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহযোহিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ, সাংবাদিক মাহবুবুর রহমান, মমতাজ উদ্দিন বাহারি, কক্সাবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের হেলথ সেক্টরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. এস এম হাসানুজ্জামান, একই সংস্থার মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি (এইচসিএমপি) এর অ্যাডমিন বিভাগের প্রধান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) তাসনীম জাহান।