বলিউড সিনেমা ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’র মুক্তি আটকে দিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। সেই মামলায় সিনেমাটির প্রযোজক অমিত জানির আবেদনের পরিপ্রেক্ষিতে অভিনেতাকে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির বেঞ্চে প্রযোজকের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়, একই বিষয়কে কেন্দ্র করে সালমানের আগের ব্যক্তিত্ব-স্বত্ব মামলার পাশাপাশি এই মামলাও চললে কার্যত সমান্তরাল আইনি প্রক্রিয়া তৈরি হবে। একই সাথে নির্মাতারা দাবি করেন, তাদের নির্মিত সিনেমাটি মোটেও সালমান খানের বায়োপিক নয়।
নির্মাতারা সম্প্রতি তাদের আবেদনে আদালতের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, সিনেমাটি নিয়ে সিদ্ধান্ত দেয়ার মতো ভৌগোলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই। তাই সালমানের দায়ের করা মামলাটি খারিজ করা উচিত।
এর প্রেক্ষিতে শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ নির্মাতার আবেদনের বিষয়ে সালমানের জবাব চেয়ে নোটিশ জারি করেন। আগামী ১৬ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং অভিনেতার জীবনের ঘটনাপ্রবাহ কেন্দ্র করেই নির্মিত ‘কালা হিরাণ’- আদালতে এমন অভিযোগ জানান সালমান খান। তার অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, সিনেমার ট্রেলারে তার নাম, চালচলন, বাচনভঙ্গি ও আইকনিক সিনেমাগুলোর আবহ হুবহু ফুটিয়ে তোলা হয়েছে। তাই আদালতে সিনেমাটির মুক্তি বন্ধের আবেদন করেন নায়ক। তবে সালমানের এমন অভিযোগ প্রথম থেকেই মিথ্যা দাবি করেছেন নির্মাতারা।