কক্সবাজারের ঐতিহ্যবাহী শৈবালকে ঘিরে গভীর ষড়যন্ত্র বন্ধ, ঝাউবাগান নিধন রোধ এবং শৈবালকে কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন চত্ত্বরে একযোগে কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। পরে মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর আগে বক্তব্যে তাঁরা বলেন, 'ঝাউবাগান নিধন,বালিয়াড়ি ও জীববৈচিত্র্য ধ্বংস করে যে কার্নিভাল আয়োজন করা হয়েছে তাঁর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এছাড়া ঝাউবাগান এর ভেতরে কার্নিভাল সরিয়ে উন্মুক্ত স্থানে নিয়ে যেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় তাঁরা এটি অনত্রে সরিয়ে না নিলে তা বন্ধে দেশের সর্বোচ্ছ আদালতে যাবে বলেও জানান।
বক্তারা বলেন, ঝাউবন শুধু সৈকতের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি উপকূলীয় জনপদকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঝাউবন উপকূলীয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল। বিনোদন কিংবা বাণিজ্যিক আয়োজনের অজুহাতে এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাদের আশঙ্কা, নির্বিচারে ঝাউগাছ নিধনের ফলে বালিয়াড়ির ক্ষয়, উপকূলীয় ভাঙন এবং পরিবেশগত বিপর্যয় আরও তীব্র হতে পারে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শৈবাল বিচ পয়েন্টে বিচ কার্নিভালের মতো বিনোদনমূলক আয়োজনকে স্বাগত জানালেও কার্নিভালের নামে সমুদ্রসৈকত ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের রক্ষাকবচ শত শত ঝাউগাছ কেটে ফেলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওরিয়ন গ্রুপের কাছে শৈবাল লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কক্সবাজারের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে সেই উদ্যোগ প্রতিহত করা হয়। তাই নতুন করে কোনো মহলের মাধ্যমে শৈবালকে বেসরকারি খাতে হস্তান্তর বা লিজ দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
অন্যদিকে, পর্যটনের বিকাশ ও দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে এই বিচকার্নিভালের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন আয়োজক কমিটি।
স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বিচ কার্নিভালের নামে ঝাউগাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তি ও অনুমোদনদাতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, ঝাউবন ধ্বংসের কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বনায়ন ও বালিয়াড়ি সংরক্ষণ, কার্নিভালের স্থান পরিবর্তন করে ঝাউবনবিহীন উপযুক্ত স্থানে আয়োজন এবং শৈবালকে কোনো অবস্থাতেই বেসরকারি খাতে লিজ না দেওয়া।
পরিশেষে বলেন, 'উন্নয়ন ও বিনোদনের নামে কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হতে দেওয়া যায় না। শৈবাল কক্সবাজারবাসীর ঐতিহ্য ও আবেগের অংশ। তাই এর পরিবেশ, সৌন্দর্য ও সরকারি সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।'
সমাবেশে সভাপতিত্ব করেন – বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সভাপতি এম জাফর আলম দিদার।
বক্তব্য রাখেন- সাবেক মেয়র সরোয়ার কামাল, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, বাপা সাধারন সম্পদক কলিম উল্লাহ, বেলা চট্টগ্রাম বিভাগ সমন্বয়ক মনিরা পারভীন, আমরা কক্সবাজারবাসী সহ-সভাপতি মাহবুবুল আলম, আমরা কক্সবাজারবাসীর সহ- সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিক, যুব নেতা এম ইউ বাহাদুর, ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি তনয় দাস সবুল, 'ধরা'র সামশুল ইসলাম শ্রাবন, জেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, আমার কক্সবাজারবাসীর শহর শাখার সহ-সভাপতি আমিন উল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহর সাধারণ সম্পাদক
কামাল উদ্দিন।