প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত তিন মাসব্যাপী সাপ্তাহিক ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান টেকনাফ পৌরসভায় কার্যক্রম শুরু হয়ে চলমান রয়েছে।
গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাসপাতালের ভেতরে পরিস্কার শেষে কায়ুকখালী খাল সেতু পর্যন্ত আরএইচডি রাস্তার উভয় পাশে, পৌরসভার ব্যবস্থাপনায় ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।
ওয়াশ কার্যক্রম সংশ্লিষ্ট টেকনাফ পৌরসভার সহযোগী বিভিন্ন এনজিওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরী।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশগ্রহণ করেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক মোঃ এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, পৌর প্রধান সহকারী মোঃ ওসমানুল কবির, বিজিএস টেকনাফ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ, এনজিও ফোরামের প্রজেক্ট ম্যানেজার মোঃ আফজাল হোসাইন, হাইসাওয়ার উপজেলার ওয়াশ কর্মকর্তা মোঃ ফারুক হোসেন প্রমূখ। অভিযান শেষে প্রতি সপ্তাহে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস.এম অনীক চৌধুরী সকল দোকানদারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রত্যেকে দোকানের সামনে বিন কিনে ময়লা ফেলবেন। এ ময়লা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এসে পরিস্কার নিয়ে যাবে। যদি বাইরে ময়লা পাওয়া যায় তাহলে জরিমানার আওতায় আনা হবে।
পাশাপাশি হাসপাতালের ভেতরে চারদিকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষে আউটডোর ইনডোর পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, হাসপাতাল নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও ময়লা আবর্জনা নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন কর্মীরা এসে পরিস্কার করে নিয়ে যাবে।