কক্সবাজারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এই লক্ষে জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি কর্মসূচীগুলো পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় প্রস্তুতিমূলক এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার, সাংবাদিক মাহবুবর রহমান, নুরুল ইসলাম হেলালীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।