দেশব্যাপী 'পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে' সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এমপির নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারঘাটা সংলগ্ন নিউ মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এড. শামীম আরা স্বপ্না এমপি বলেন, 'একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। সরকার সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করছে, যা তাদের সহ্য হচ্ছে না।'
তিনি আরও বলেন, 'এই অপশক্তি যেন দেশ, জনগণ এবং চলমান উন্নয়নের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মুক্তার আহমেদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস, সদস্য সচিব সরওয়ার রোমান, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন আফসেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার।
এছাড়াও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।